বর্তমানে উচ্চ রক্তচাপ এমন এক সমস্যা যা শুধু বয়স্কদের নয়, যুব সমাজের মাঝেও দেখা যাচ্ছে। আপনি হয়তো বুঝতেই পারছেন না ধীরে ধীরে আপনার রক্তচাপ বেড়েই চলেছে। কারণ শুরুতে এই রোগের তেমন কোনো লক্ষণ বোঝা যায় না। কিন্তু অজান্তেই উচ্চ রক্তচাপ আপনার শরীরের ভেতরে নীরবে ক্ষতি করতে থাকে। বিশেষ করে হৃদপিণ্ড, মস্তিষ্ক, কিডনি ও চোখের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর। তাই সময়মতো সচেতন না হলে এটি মারাত্মক রূপ নিতে পারে। আজকে আমরা সহজ ভাষায় জানবো উচ্চ রক্তচাপ কী, কেন হয় এবং কীভাবে এটি নিয়ন্ত্রণে রাখা যায়।
উচ্চ রক্তচাপ কী
যখন রক্ত শরীরে স্বাভাবিকের চেয়ে বেশি চাপ নিয়ে প্রবাহিত হয়, তখনই একে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলা হয়। একজন সুস্থ মানুষের স্বাভাবিক রক্তচাপ থাকে ১২০/৮০ mmHg। কিন্তু যদি এই চাপ ১৪০/৯০ mmHg বা তার বেশি হয় এবং তা দীর্ঘ সময় ধরে থাকে, তখন সেটিকে উচ্চ রক্তচাপ বলা হয়। এই অবস্থায় হৃদপিণ্ডকে স্বাভাবিকের চেয়ে বেশি পরিশ্রম করতে হয়। এটি ধীরে ধীরে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ক্ষতি করতে থাকে।
উচ্চ রক্তচাপ কত প্রকার
উচ্চ রক্তচাপ বিভিন্ন রকমের হতে পারে। তবে ধরন অনুযায়ী উচ্চ রক্তচাপ সাধারনত ২ প্রকার। যেমনঃ
১. প্রাথমিক উচ্চ রক্তচাপ (Essential Hypertension):
এই ধরনের রক্তচাপ সবচেয়ে বেশি দেখা যায় প্রায় ৯০–৯৫% মানুষের ক্ষেত্রে। এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ না থাকলেও বয়স, জিনগত প্রবণতা, খাদ্যাভ্যাস, আর জীবনযাত্রার ধরন অনুযায়ী ধীরে ধীরে উচ্চ রক্তচাপ সৃষ্টি করে।
২. দ্বিতীয়ক উচ্চ রক্তচাপ (Secondary Hypertension):
এটি হয় অন্য কোনো শারীরিক সমস্যা থেকে হয় যেমনঃ
- কিডনি রোগ
- থাইরয়েড বা হরমোনের সমস্যা
- কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া (যেমন জন্মনিয়ন্ত্রণ বড়ি, ব্যথানাশক)
উচ্চ রক্তচাপ কেন হয়?
অনেকেই জানেন না, উচ্চ রক্তচাপ অনেক ছোট ছোট অভ্যাসের কারনেও হতে পারে। তবে কিছু কারণ আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে, কিছু আবার জিনগত বা শারীরিক সমস্যাজনিত কারনেও হয়।
সাধারণ কারণগুলোঃ
- অতিরিক্ত লবণ খাওয়া: আপনি যদি প্রতিদিন খাবার খাওয়ার সময় লবণের পরিমাণ বেশি খান তাহলে শরীরে সোডিয়াম জমে যেতে থাকবে এবং রক্তচাপ বেড়ে যাবে।
- মানসিক চাপ ও দুশ্চিন্তা: অতিরিক্ত মামসিক চাপ নিবেন না। বেশি মানসিক চাপ sympathetic nervous system কে উত্তেজিত করে, যা উচ্চ রক্তচাপের কারণ হয়ে দাঁড়ায়।
- ওজন বৃদ্ধি: আপনার ওজন যদি স্বভাবিকের তুলনায় অতিরিক্ত হয় তাহলে হৃদপিণ্ডকে বেশি পরিশ্রম করতে হয়। যার ফলে রক্তচাপ অনেক বেড়ে যায়।
- শরীরচর্চার অভাব: যারা নিয়মিত ব্যায়াম করেন না, তাদের রক্তচাপ ধীরে ধীরে বাড়তে থাকে।
- ধূমপান ও মদ্যপান: এই দুটি অভ্যাস যাদের আছে তাদের উচ্চ রক্তচাপ যেকোন সময় হুট করে বেড়ে যেতে পারে। কারণ এগুলো রক্তনালিকে সংকুচিত করে। ফলে রক্ত স্বাভাবিক গতিতে প্রবাহিত হতে বাধা পাওয়ায় দ্রুত প্রবাহিত হতে চায়।
- ঘুমের সমস্যা: আপনি যদি পর্যাপ্ত পরিমান না ঘুমান তাহলে শরীরে স্ট্রেস হরমোন বেড়ে যায়। এতে স্বাভাবিক রক্তচাপে নেতিবাচক প্রভাব ফেলে।
- পারিবারিক ইতিহাস: পরিবারে কারও উচ্চ রক্তচাপ থাকলে নিজের ক্ষেত্রেও অনেক সময় ঝুঁকি বেড়ে যায়।
উচ্চ রক্তচাপ হলে কি কি সমস্যা হয়
উচ্চ রক্তচাপের কারণে শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি হতে পারে। উচ্চ রক্তচাপের কারণে যে অঙ্গগুলোর ক্ষতি হয় তা টেবিল আকারে দেখানো হলঃ
| অঙ্গ | উচ্চ রক্তচাপে ক্ষতি |
|---|---|
| হৃদপিণ্ড | হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওরের ঝুঁকি বাড়ে |
| মস্তিষ্ক | স্ট্রোক বা স্মৃতিভ্রান্তি হতে পারে |
| কিডনি | কিডনি ফেইলিওর বা কার্যক্ষমতা কমে যেতে পারে |
| চোখ | দৃষ্টিশক্তি দুর্বল বা ঝাপসা হয়ে যেতে পারে |
| রক্তনালি | আর্টারি ব্লক বা এনিউরিজম হতে পারে |
অতিরিক্ত কিছু ঝুঁকির কারণ
- ৩৫ বছরের বেশি বয়স
- অতিরিক্ত চা বা কফি খাওয়া
- বেশি ফ্যাটযুক্ত খাবার খাওয়া
- কিডনি বা থাইরয়েডের সমস্যা থাকা
- গর্ভাবস্থায় আগে উচ্চ রক্তচাপ থাকলে
শেষ কথাঃ
উচ্চ রক্তচাপ এমন একটা সমস্যা, যেটা হয়তো শুরুতে ধরা না পড়লেও ভবিষ্যতে বড় ক্ষতির কারন হতে পারে। কিন্তু এই সমস্যার সমাধান করা একদমই অসম্ভব নয় যদি আমরা সচেতন থাকি। এজন্য নিয়মিত রক্তচাপ মাপা এবং জীবনযাত্রায় কিছু স্বাস্থ্যকর পরিবর্তন আনতে হবে। তাই দেরি না করে আজ থেকেই নিজের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আনার পথ খুঁজে নিন, আর সুস্থ থাকুন দীর্ঘদিন।
আরও দেখুনঃ
উচ্চ রক্তচাপ কমানোর উপায় । প্রাকৃতিক ও ঘরোয়া সমাধান ২০২৫
মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি ও কি কি